ভারতের হায়দরাবাদ শহরের কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণের হুমকিসংবলিত ইমেইল পাওয়ার পর নিরাপত্তা জোরদার করেছে নগর পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
পুলিশের এক কর্মকর্তা পিটিআইকে জানান, গত ২১ নভেম্বর হায়দরাবাদ সিটি পুলিশের ইমেইল ঠিকানায় হুমকিসংবলিত বার্তাটি পাঠানো হয়। প্রাথমিকভাবে এটিকে ভুয়া বা ‘হোক্স’ হুমকি বলে মনে করছে পুলিশ। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে এবং নাগরিকদেরও সচেতন করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ইমেইলে ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সংঘটিত সন্ত্রাসী হামলার মতো হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে হায়দরাবাদের কাচিগুদা রেলওয়ে স্টেশন ও কাছাকাছি একটি হোটেলের নাম উল্লেখ করা হয়েছে। অন্য একটি প্রতিবেদনে হোটেলটির নাম টুরিস্ট প্লাজা বলে উল্লেখ করা হয়েছে।
ইমেইলটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের কুলগামে সংগঠনটির কমান্ডার লতিফ ভাট ও তার সহযোগীদের নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে হামলার হুমকি দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে ইমেইলটির সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা জানান, ইমেইলটি ভুয়া বলে মনে হচ্ছে এবং এ নিয়ে তদন্ত চলছে।
হায়দরাবাদ সিটি পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হুমকির খবর পাওয়ার পরপরই সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দেহজনক স্থানগুলোতে নাশকতাবিরোধী তল্লাশি চালানো হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান পুলিশি টহল বাড়ানো হয়েছে। তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
পুলিশ নাগরিকদের গুজবে কান না দেওয়া এবং অযাচাইকৃত তথ্য ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি হুমকিসংবলিত ইমেইলটির পেছনে কারা রয়েছে, তা শনাক্ত ও তাদের খুঁজে বের করতে সাইবার ক্রাইম পুলিশ কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



