পরীক্ষামূলক সংস্করণ

কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার ফেরত দিলেন চানাচুর বিক্রেতা

কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন সুনামগঞ্জ পৌর শহরের চানাচুর বিক্রেতা আমির উদ্দিন (৩৫)। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের আলফাত স্কয়ার এলাকায় একটি ব্যাগ কুড়িয়ে পান তিনি। পরে মালিকের সন্ধান পেয়ে প্রায় চার ঘণ্টা পর পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি ফিরিয়ে দেন। তার সততায় মুগ্ধ হয়ে পুরস্কার হিসেবে তাকে পাঁচ হাজার টাকা দেন স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার।

সজল তালুকদার জানান, তিনি শহরের আবুল হোসেন রোডে পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। রোববার বিকেলে তার স্ত্রী স্বর্ণের এক জোড়া চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি স্বর্ণালংকারের দোকানে যান। সঙ্গে ছিলেন সজল ও তাদের দুই শিশুসন্তান। কাজ শেষে তারা আলফাত স্কয়ার হয়ে রিকশায় বাসায় ফিরছিলেন। বাসার সামনে নেমে তারা দেখতে পান, তার স্ত্রীর হাতব্যাগটি নেই। কোথায় বা কীভাবে ব্যাগটি হারিয়েছে, তা বুঝতে পারছিলেন না তারা।

এরপর সজল দুই বন্ধুকে নিয়ে প্রথমে থানায় গিয়ে বিষয়টি জানান। পরে ব্যাগটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ করেন। একপর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান। এদিকে তার বন্ধুরা অন্য একটি রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে সজলের স্ত্রীর স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছিল। তাদের রিকশাচালক আবু সাইদ কথাটি শুনে জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়ে সেটির মালিককে খুঁজছেন। পরে সজলকে খবর দিয়ে বন্ধুরা আমির উদ্দিনের কাছে যান।

প্রথম আলোকে আমির উদ্দিন জানান, ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ কাছেই ছিলেন। স্বর্ণালংকার দেখে তিনি ভয় পেয়ে যান। পরে নিরাপদে রাখার জন্য ছেলেকে দিয়ে সেগুলো বাড়িতে পাঠিয়ে দেন। তার দোকানেও জিনিসগুলো রাখা নিরাপদ মনে হয়নি বলে জানান তিনি। কারণ, তার দোকানে আগে তিনবার চুরি হয়েছে।

আমির উদ্দিন শহরের পশ্চিমবাজার এলাকার বাসিন্দা। তার দাবি, সেখানে একটি ভাঙাচোরা ভাড়া ঘরে সপরিবারে থাকেন। নিজের কোনো ঘরবাড়ি নেই তার। স্বর্ণালংকারগুলো রেখে দিতে পারতেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’

আমির উদ্দিনের সততার প্রশংসা করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি জানান, থানায় বিষয়টি জানার পর পুলিশ সজল তালুকদারের সঙ্গে লোক পাঠিয়ে ব্যাগটির খোঁজ করে। পরে সজল ও তার বন্ধুরা আমির উদ্দিনসহ থানায় আসেন। আমির উদ্দিনের সততার কারণেই ব্যাগটি ফেরত পাওয়া গেছে বলে মন্তব্য করেন ওসি।

আমির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সজল তালুকদার বলেন, তারা তিনজন মিলে প্রায় চার ঘণ্টা ব্যাগটি খুঁজেছেন। আমির উদ্দিন প্রথমে টাকা নিতে চাননি। পরে কৃতজ্ঞতাস্বরূপ জোর করে তাকে পাঁচ হাজার টাকা উপহার দেন তিনি।

প্রধান খবর

শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান এনসিপির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এনসিপি। সংলাপ শেষে এ কথা জানান নাহিদ ইসলাম।

ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্পের উদ্যোগ

উপকূলীয় অঞ্চলের জীবনমান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ঢাকার বস্তি উন্নয়নেও মডেল প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আসছে...