পরীক্ষামূলক সংস্করণ

মন্ত্রীর উপস্থিতিতে পাশের চেয়ারে বসা নিয়ে হাতাহাতি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

সিলেটের গোয়াইনঘাটে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে তার পাশের চেয়ারে বসাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে একটি স্কুল ভবনের উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার পাশের নির্ধারিত আসনে বসাকে কেন্দ্র করে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দুই নেতার মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে উভয় পক্ষের সমর্থকরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনার সময় মন্ত্রী নিজেই উপস্থিত ছিলেন। তার সামনেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং নিরাপত্তার স্বার্থে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে পুলিশি নিরাপত্তায় তাকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় নির্ধারিত উদ্বোধনী কার্যক্রম আর সম্পন্ন করা সম্ভব হয়নি এবং অনুষ্ঠান কার্যত ভণ্ডুল হয়ে যায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির জানান, পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হলেও পরে নিয়ন্ত্রণে আসে এবং মন্ত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

আসছে...