অল ক্রাইমস. টিভি ডেস্ক
‘সবার আগে বাংলাদেশ’—এই পররাষ্ট্রনীতির মূল দর্শন সামনে রেখে জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ গড়তে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে কাজ করা হচ্ছে। অবাধ নির্বাচন, প্রশাসনিক স্বচ্ছতা, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি দমন, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে উন্নয়ন জোরদার করে বৈষম্যহীন সমাজ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করে আন্তর্জাতিক ক্ষেত্রে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে খাল-নদী খনন, কৃষক ও পরিবারভিত্তিক কার্ড চালু, বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের কাজও চলমান রয়েছে।



