অল ক্রাইমস.টিভি ডেস্ক
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘অচেনা আমি’। নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। সম্প্রতি নাটকটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
নাটকটি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে অপূর্ব সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সব চেহারাই কি চেনা, নাকি চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি? ভালোবাসা আর আত্মপরিচয়ের এক ভিন্ন গল্প নিয়েই আসছে এই নাটক।
অভিনয়ের পাশাপাশি এবার লেখক হিসেবেও নতুনভাবে হাজির হচ্ছেন অপূর্ব। এটি তার লেখা দ্বিতীয় চিত্রনাট্য। এর আগে তিনি নিজের পরিচালিত একটি টেলিফিল্মের চিত্রনাট্য লিখেছিলেন।
পরিচালক তানিম রহমান অংশু জানান, ‘অচেনা আমি’ একটি রোমান্টিক ঘরানার নাটক হলেও এতে শুধু প্রেম নয়, মানুষের জীবনের গভীর অনুভূতি এবং হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরে পাওয়ার গল্পও তুলে ধরা হয়েছে। তিনি বলেন, অপূর্বর সৃজনশীল ভাবনা নাটকটিকে আলাদা মাত্রা দিয়েছে।
এর আগে অপূর্বর গল্প ভাবনায় নির্মিত বেশ কয়েকটি নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। ২০০৭ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় তার লেখা প্রথম নাটক ‘স্বপ্নের নীল পরী’ প্রচারিত হয়। এরপর ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’ ও ‘ফিরে আসা’সহ আরও বেশ কিছু নাটক নির্মিত হয়েছে তার গল্পে।
জানা গেছে, কোরবানির ঈদের দ্বিতীয় দিন একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হবে।



