রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জামিন দিয়েছেন আদালত। এ আদেশের ফলে তার বিরুদ্ধে থাকা সব মামলাতেই তিনি জামিনে রয়েছেন এবং মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তৌহিদ আফ্রিদির জামিন আবেদন শুনানি শেষে তা মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জানান, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই হাইকোর্ট থেকে জামিন পান। সর্বশেষ ওয়ারী থানার প্রতারণা মামলায়ও জামিন মঞ্জুর হওয়ায় বর্তমানে সব মামলায় তিনি জামিনে আছেন।
তিনি আরও জানান, গত ১৫ জুন ওয়ারী থানার এ মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
মামলার এজাহারে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। পরে বিভিন্ন ধাপে বিনিয়োগের নামে অর্থ আদায় করা হয়।
অভিযোগ অনুযায়ী, শুরুতে অল্প পরিমাণ টাকা ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের অর্থ নেওয়া হয়। পরবর্তীতে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি ওয়ারী থানায় মামলা দায়ের করেন।
এর আগে গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে সিআইডি গ্রেপ্তার করে। এরপর বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল।



