দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করার উদ্যোগ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রোববার (২ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শামা ওবায়েদ বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে। আমিরাত কর্তৃপক্ষের চাওয়া প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে।
তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব আইন অনুযায়ী প্রত্যাবাসন প্রক্রিয়া পরিচালনা করছে। পাশাপাশি বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোও বিষয়টি নিয়ে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষ করে শিগগিরই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দেশে ফেরানোর পর প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার সম্পন্ন করা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।



