পরীক্ষামূলক সংস্করণ

দেশজুড়ে শুরু হচ্ছে রবি বোলার হান্ট, সুযোগ থাকছে নারী ক্রিকেটারদেরও

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আবারও শুরু হচ্ছে ‘রবি বোলার হান্ট’। রবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে আয়োজিত এবারের ট্যালেন্ট হান্টে নারী ক্রিকেটারদেরও অংশ নেওয়ার সুযোগ থাকছে।

এবারের আয়োজনের পরিধিও আগের তুলনায় বাড়ানো হয়েছে। ‘পারবে তুমিও’ আদর্শকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পেসার ও স্পিনার—উভয় ধরনের বোলারদের নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেওয়া হবে।

নতুন প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রে রবি ও বিসিবির যৌথ উদ্যোগের সফল ইতিহাস রয়েছে। ২০১৬ সালের রবি ফাস্ট বোলার হান্ট থেকে উঠে এসেছিলেন এবাদত হোসেন। প্রায় ৪০ হাজার তরুণ পেসারের অংশগ্রহণে আয়োজিত ওই প্রতিযোগিতায় ঘণ্টায় ১৩৯ দশমিক ৯ কিলোমিটার গতিতে বল করে দ্রুততম বোলার হয়েছিলেন তিনি।

পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন এবাদত হোসেন। ২০১৭ সালের রবি স্পিনার হান্ট থেকে উঠে আসেন রিশাদ হোসেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ লেগ স্পিনার হিসেবে জায়গা করে নেন।

রবি বোলার হান্ট থেকে উঠে আসা এই দুই ক্রিকেটারের সাফল্যই নতুন করে এমন উদ্যোগ আয়োজনের অন্যতম বড় অনুপ্রেরণা।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে রবি বোলার হান্ট। দেশের আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। এর মধ্যে দুটি ভেন্যু থাকবে ঢাকায়। অন্য ভেন্যুগুলো হবে সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রামে। বরিশালের ট্রায়াল অনুষ্ঠিত হবে খুলনায়।

নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন দিনে এসব ভেন্যুতে ট্রায়াল অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা তরুণ বোলাররা সেখানে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন।

পুরুষ ও নারী ক্রিকেটারদের বাছাইয়ের সময় মাঠে উপস্থিত থাকবেন নির্বাচকেরা। বিচারক হিসেবে থাকবেন পাকিস্তান জাতীয় দলের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সাবেক পেসার কোরি কলিমোর এবং হাই পারফরম্যান্স স্কোয়াড বাংলাদেশের প্রধান কোচ মো. সালাহউদ্দিন।

এর পাশাপাশি জাতীয় দলের কোচরাও সামগ্রিক বাছাইপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন। ফলে আঞ্চলিক পর্যায়ের ট্রায়াল থেকেই সম্ভাবনাময় বোলারদের চিহ্নিত করার সুযোগ থাকবে।

তবে প্রতিভা খুঁজে নেওয়ার পরই এই কার্যক্রম শেষ হবে না। নির্বাচিত বোলারদের জন্য থাকবে আধুনিক প্রশিক্ষণ ও নিয়মিত পরিচর্যার সুযোগ।

এর মাধ্যমে সম্ভাবনাময় বোলারদের ধাপে ধাপে উন্নত করে আগামী দিনের জাতীয় দল এবং জাতীয় দলের পাইপলাইনের জন্য প্রস্তুত করাই আয়োজকদের মূল লক্ষ্য।

আগ্রহী বোলাররা ‘মাই রবি’ অ্যাপের মাধ্যমে রবি বোলার হান্টে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

প্রধান খবর

শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক বলছেন সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার

Southeast University-এর শিক্ষক সুফি শাহরিয়ার হাসানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। অভিযোগকারী দাবি করেছেন, শিক্ষকের কথাবার্তা ও আচরণে তিনি অস্বস্তি ও নিরাপত্তাহীনতা অনুভব করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক দাবি করেছেন, তিনি একটি সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের শিকার।

সুপ্রিম কোর্টের গেটে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হয়।

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর যে তথ্য প্রচার হচ্ছে, তা যাচাই করছি: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে মৃত্যুর প্রচারিত তথ্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধঘণ্টার মধ্যে শর্টসার্কিট থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

আসছে...