রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদপানের পর অসুস্থ হয়ে মোহাম্মদ রনি হোসেন (৩৭) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রনি হোসেন কদমতলীর ধোলাইপাড় বাজার এলাকার মোহাম্মদ জাকির হোসেনের ছেলে। প্রায় দুই বছর আগে লাইজু নামে এক তরুণীর সঙ্গে তার বিয়ে হয়।
রনিকে হাসপাতালে নিয়ে আসা তার ভাই রবিউল্লা জানান, গত ১৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একটি বিয়ের অনুষ্ঠানে যান রনি। সেখানে তিনি অতিরিক্ত মদপান করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর থেকে তিনি অসুস্থ অবস্থায় বাসায় ছিলেন। টানা দুই দিন অসুস্থ থাকার পর শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়।
রবিউল্লা বলেন, সকাল থেকেই তার ভাই শারীরিকভাবে ভালো বোধ করছিলেন না বলে জানাচ্ছিলেন। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে রনি হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।



