অল ক্রাইমস. টিভি ডেস্ক
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ দেখতে পরিবারসহ উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তার সঙ্গে ছিলেন সাইফ আলি খান, তাদের সন্তান তৈমুর ও জেহ, এবং সাইফের আগের পক্ষের ছেলে ইব্রাহিম আলি খান। খেলা উপভোগ করতে গিয়ে এক পর্যায়ে মেজাজ হারাতে দেখা যায় অভিনেত্রীকে, যা ক্যামেরাবন্দি হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
গ্যালারিতে সবাই মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি পরে দলকে সমর্থন করছিলেন। বিভিন্ন ভিডিওতে পরিবারটিকে আনন্দের সঙ্গে খেলা উপভোগ করতে দেখা গেলেও একটি ভিডিওতে তাদের একটি বিব্রতকর মুহূর্ত ধরা পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের একটি লিফটের সামনে পরিবারটি অপেক্ষা করছিল। এ সময় সেখানে ভিড় জমে যায় এবং ভক্তরা ছবি তোলার চেষ্টা করতে থাকে। এই পরিস্থিতিতে কারিনাকে অস্বস্তিতে দেখা যায় এবং তিনি কাছের একজনের সঙ্গে উত্তপ্ত কথোপকথনে জড়িয়ে পড়েন। যদিও এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
পরে সবাই লিফটে ওঠার সময় সাইফ আলি খানের প্রতিও কিছুটা বিরক্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। তিনি সাইফের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, কী হচ্ছে।
তবে ঘটনাটি সাময়িক উত্তেজনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিছুক্ষণ পরই কারিনাকে স্বাভাবিকভাবে গ্যালারিতে ফিরে পরিবারের সঙ্গে খেলা উপভোগ করতে দেখা যায়। তার স্বাভাবিক আচরণই ইঙ্গিত দেয় যে, পরিস্থিতি দ্রুত সামলে নেওয়া হয়েছিল।
ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৮ রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায়।
উল্লেখ্য, সাইফ আলি খান ১৯৯১ সালে অমৃতা সিং-কে বিয়ে করেন। তাদের ঘরে জন্ম নেয় মেয়ে সারা এবং ছেলে ইব্রাহিম। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর কারিনা কাপুর খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০১২ সালে বিয়ে করেন সাইফ। তাদের দুই সন্তান তৈমুর ও জেহ। সাইফের আগের পক্ষের সন্তানদের সঙ্গেও কারিনার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ।



