রাজধানীর দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকায় বাসায় ঢুকে এক নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের গ্রিল কেটে প্রবেশ করে হত্যাকাণ্ডের পর মালামাল লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ করেছে পরিবার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে জামতলা গলির একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত চিকিৎসকের নাম সারা রোকসানা পিনু। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ভূইয়া বাড়ি এলাকার শিক্ষক মজিবুল হক বাচ্চুর মেয়ে।
পুলিশ জানায়, ঘটনার সময় সারা রোকসানা বাসায় একাই ছিলেন। তার স্বামী অফিসে ছিলেন এবং মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দুর্বৃত্তরা বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বালিশচাপা দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
নিহতের ছেলে জানান, বাসায় ফিরে তিনি তার মাকে গেস্ট রুমে মৃত অবস্থায় দেখতে পান। তার দাবি, গ্রিল কেটে ঢুকে হত্যাকারীরা স্বর্ণ ও টাকা নিয়ে গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ জানান, বিকেল ৩টার পর দুর্বৃত্তরা গ্রিল কেটে বাসায় প্রবেশ করে নারী চিকিৎসককে হত্যা করে। একই সঙ্গে ঘরের বিভিন্ন মালামাল লুট করা হয়েছে।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাবিব জানান, বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে গ্রিল কাটা ও ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ, লুট হওয়া মালামালের পরিমাণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।



