দেশের ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুততর করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বেসরকারি খাতের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে ২৪ ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম চালুর প্রস্তাব দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে দেশের সব বন্দরকে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করবে, যাতে দেশের প্রতিটি বন্দর সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করতে পারে। এর ফলে আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও দ্রুত, কার্যকর ও ব্যবসাবান্ধব হবে।
মাহদী আমিন আরও জানান, বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা, বিনিয়োগ পরিবেশ, অর্থনৈতিক অঞ্চল (ইকোনোমিক জোন), বেজা ও বেপজায় বিনিয়োগ বৃদ্ধির কৌশল এবং প্রশাসনিক জটিলতা দূর করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
সরকার প্রো-বিজনেস ও প্রো-ইনভেস্টমেন্ট নীতিমালা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণ ও নারীদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি খাতের বিকাশ এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।



