চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি পুকুর থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পরৈকোড়া গ্রামের ডা. অলক দের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ফলক দেব জানান, সোমবার ভোরে দোকানে যাওয়ার পথে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্থানীয় কয়েকজনের দাবি, রোববার পুকুরের পাশে এক নারীকে অস্বাভাবিক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। উদ্ধার হওয়া মরদেহটি ওই নারীর হতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। তবে মরদেহটির সঙ্গে ওই নারীর পরিচয়ের মিল রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



